পরীক্ষামূলক
LIVE TV

রমজান ও ঈদ উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে ডিবির বিশেষ অভিযান শুরু

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক বলেন, রমজান ও ঈদ উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে ডিবি পুলিশের পক্ষ থেকে অলআউট অ্যাকশন শুরু হয়েছে। তিনি জানান, ডিবি পুলিশ মাঠে সক্রিয় রয়েছে এবং ছদ্মবেশে দায়িত্ব পালন করবে। এ সময় তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেন, যদি কেউ ডিবি পরিচয়ে কাউকে তুলে নেওয়ার চেষ্টা করে বা বাড়িতে তল্লাশি চালায়, তাহলে যেন তা ডিবিকে অবহিত করা হয়।

তিনি আরও বলেন, রমজান মাসে মার্কেট, শপিংমল, বাস টার্মিনাল এবং ঢাকার প্রবেশদ্বারগুলোতে মানুষের চাপ বেড়ে যায়। এসব স্থানে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

ডিবির গোয়েন্দা তথ্য অনুযায়ী, অপরাধীদের একটি বড় অংশ ১৫ থেকে ৩০ বছর বয়সী। এছাড়া, কিছু পতিত সরকারি কর্মকর্তা কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলে ডিবির কাছে তথ্য রয়েছে।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ডিবি পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং অপরাধীদের জন্য আতঙ্কে পরিণত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া, ডিএমপি যুগ্ম কমিশনার (সাইবার সিকিউরিটি) সৈয়দ হারুন অর রশীদ এবং ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

রমজান ও ঈদ উপলক্ষে ডিবির এই বিশেষ অভিযান চলবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন