জুলাইয়ের পারফরম্যান্সে সেরা বিরল থানা, সম্মাননা পেলেন ওসি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক উদ্ধার ও পুলিশি সেবার মানসহ বিভিন্ন সূচকে জুলাই ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে দিনাজপুর জেলার ১৩টি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বিরল থানা।
শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি হিসেবে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরানকে সম্মাননা স্মারক প্রদান করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা, পিপিএম।
জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওসি আল এমরানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম।
পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবার মান উন্নত করাই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। জুলাই মাসের পারফরম্যান্স মূল্যায়নে বিরল থানা টিমওয়ার্ক, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় থানাটির ভূমিকা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, এ স্বীকৃতি বিরল থানার পাশাপাশি জেলার অন্যান্য থানার পুলিশ সদস্যদেরও আরও দায়িত্বশীল ও গতিশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে।
অন্যদিকে, শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পাওয়ায় বিরল থানার ওসি আল এমরান বলেন, এ অর্জন থানার প্রতিটি পুলিশ সদস্যের পরিশ্রম, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ফল। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং বিরল উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এই সম্মাননা আগামী দিনে আরও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।
মন্তব্য করুন