RCTV Logo নাটোর প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

এক মাসের মেয়েকে আর কোলে নেওয়া হলো না শামীমের, সৌদির আগুনে পুড়ে নিভল স্বপ্ন

ছবিঃ আরসিটিভি

মেয়েটির বয়স মাত্র এক মাস। পৃথিবীর আলো দেখার পর বাবার মুখ দেখার অপেক্ষাতেই যেন ছিল সে। আর বাবা শামীম হোসেনও দূর প্রবাসে বসে দিন গুনছিলেন—কবে দেশে ফিরবেন, কবে একমাত্র মেয়েকে প্রথমবার কোলে তুলে নেবেন। কিন্তু সেই প্রতীক্ষা আর শেষ হলো না। দেশে ফেরার আগেই সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে না ফেরার দেশে চলে গেলেন শামীম।

সংসারে একটু স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে আট মাস আগে অন্তঃসত্ত্বা স্ত্রী মিতু বেগমকে রেখে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শামীম হোসেন। যাওয়ার সময় হয়তো কল্পনাও করেননি, প্রবাসের মাটিতেই শেষ হয়ে যাবে তার জীবনের সব স্বপ্ন। এক মাস আগে যখন তার ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে কন্যাসন্তান, তখন দূর সৌদিতে বসেই আনন্দে আত্মহারা হয়েছিলেন তিনি। মেয়েকে কোলে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস—যে বাবা মেয়েকে একবার দেখার জন্য দেশে ফেরার স্বপ্ন দেখেছিলেন, সেই বাবার মুখই এখন আর কোনোদিন দেখতে পাবে না তার এক মাস বয়সী সন্তান।
নিহত শামীম হোসেন নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় এলাকার মো. জাকির হোসেনের ছেলে। তার মৃত্যুর খবরে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী মিতু বেগম। ছোট্ট মেয়েটিকে বুকে জড়িয়ে যেন নির্বাক হয়ে পড়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে পার্শ্ববর্তী হালতি খোলাবাড়িয়া এলাকার মিতু বেগমকে বিয়ে করেন শামীম। বিয়ের পর দীর্ঘদিন তাদের কোনো সন্তান হয়নি। সন্তান লাভের আশায় বিভিন্ন চিকিৎসক ও কবিরাজের কাছে ছুটেছেন তারা। দীর্ঘ চার বছর পর মিতু গর্ভবতী হলে তাদের সংসারে আসে নতুন আশার আলো।

তখন পরিবারের ভবিষ্যৎ আরও সুন্দর করার স্বপ্নে স্ত্রীকে রেখে সৌদি আরবে পাড়ি জমান শামীম। প্রবাসে থেকেও অনাগত সন্তানের প্রতিটি মুহূর্তের খবর নিতেন তিনি। অবশেষে এক মাস আগে যখন কন্যাসন্তান জন্ম নেয়, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়েন শামীম। স্বজনদের সঙ্গে সন্তানের ছবি দেখে আনন্দ ভাগাভাগি করতেন। স্বপ্ন ছিল, দেশে ফিরে মেয়েকে বুকে জড়িয়ে ধরবেন, মাথায় হাত বুলিয়ে আদর করবেন।
সেই স্বপ্ন এখন কেবলই স্মৃতি।

শামীমের মা শাহীনুর বেগমের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। ছেলেকে হারানোর শোকের সঙ্গে এক মাস বয়সী নাতনির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে শাহীনুর বেগম বলেন, “অনেক আশা নিয়ে আমার ছেলে সৌদি আরবে গিয়েছিল। সংসারের অবস্থা ভালো করবে, আমাদের মুখে হাসি ফোটাবে—এই ছিল তার স্বপ্ন। কিন্তু সে আর ফিরে এলো না। আমার এক মাস বয়সী নাতনি তার বাবার জীবিত মুখটাও দেখতে পেল না। সরকারের কাছে আমার অনুরোধ, আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে দিন। আমার নাতনির ভবিষ্যতের জন্য সরকার যেন সহযোগিতা করে।”
স্বজনরা জানান, শামীমের মৃত্যু শুধু একজন প্রবাসী শ্রমিকের মৃত্যু নয়; এটি একটি পরিবারের সব স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। যে সন্তান জন্মের পর বাবার কোলে ওঠার কথা ছিল, সেই সন্তান এখন বড় হবে বাবার স্মৃতি ছাড়াই। মায়ের মুখে বাবার গল্প শুনেই তাকে চিনতে হবে নিজের বাবাকে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান বলেন, “ঘটনাটি জানার পরই জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানানো হবে। পরিবারের কোনো সহযোগিতার প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে। মরদেহ পরিবারের কাছে পৌঁছে দিতে সরকার কাজ শুরু করেছে।”
শামীমের বাড়িতে এখন আর প্রবাস থেকে ফোন আসবে না। স্ত্রী মিতুর অপেক্ষারও আর কোনো শেষ নেই। এক মাস বয়সী মেয়েটি হয়তো এখনো জানে না—তার জন্য দূরদেশে বসে যে বাবা স্বপ্ন বুনছিলেন, সেই বাবা আর কোনোদিন তাকে কোলে নিতে ফিরবেন না।

একটি পরিবারের স্বপ্ন ছিল—বাবা ফিরবেন, মেয়েকে কোলে নেবেন। সৌদির আগুন সেই স্বপ্নটুকুও পুড়িয়ে ছাই করে দিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসের হার জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: তারেক রহমান

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

এক মাসের মেয়েকে আর কোলে নেওয়া হলো না শামীমের, সৌদির আগুনে পুড়ে নিভল স্বপ্ন

এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

সর্বনিম্ন পাসের হার মাদ্রাসা বোর্ডে, কমেছে জিপিএ-৫ও

১০

‎এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী‎

১১

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নাটোরের ৩ প্রবাসীর মৃত্যু

১২

নামাজের সময়সূচি – ১০ আগস্ট ২০২৬

১৩

আজ ১০ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৪

বিশ্বমঞ্চের কূটনীতি চর্চায় পঞ্চগড়ের শিক্ষার্থীরা, অনুষ্ঠিত PMUN কর্মশালা

১৫

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‎পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করলেন লালমনিরহাটের পুলিশ সুপার

১৭

গোবিন্দগঞ্জে নদীগর্ভে বিলীন বৈদ্যুতিক খুঁটি

১৮

পীরগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

গাইবান্ধার বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

২০