ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ে পুলিশের হেফাজত থেকে ‘ফিল্মি কায়দায়’ এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১৮ মিনিটের দিকে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশ জানায়, গত ৬ আগস্ট বিকেলে ঢাকার টঙ্গী এলাকা থেকে একটি ওয়ারেন্ট মামলায় সাঈদারকে আটক করে র্যাব-১। পরে তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশের হেফাজতে ঢাকার থেকে আটোয়ারীর পথে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থামানো হলে হঠাৎ দৌড়ে পালিয়ে যান সাঈদার। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের উপস্থিতিতেই তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নেওয়া হচ্ছিল। পথিমধ্যে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থামালে আসামি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন