রংপুরে ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী গ্রেফতার
রংপুরের তারাগঞ্জ উপজেলার ৩ নম্বর ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিস আলীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ইকরচালী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইদ্রিস আলী রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তবে কোন মামলায় বা কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদুল ইসলাম জানান, রংপুর ডিবি পুলিশের তৎপরতায় ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি এ বিষয়ে আর কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন