নাটোর প্রতিনিধি 

নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহন ও ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিলমাড়ীয়া ইউনিয়নের লালপুর-ভেল্লাবাড়িয়া সড়কের মহারাজপুর শ্মশান সংলগ্ন সেতুর ওপর অভিযান পরিচালনা করেন।
অভিযানে চক নাজিরপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. আজিম আলী (২৬), কেশবপুর গ্রামের মো. আব্দুল মোত্তালেবের ছেলে মো. মনোয়ার হোসেন (৩২) এবং একই গ্রামের মৃত বকুলের ছেলে মো. ফরহাদ আলীকে (২২) গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৫ গ্রাম), মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডায়াং ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে লালপুর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন