লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দিঘলটারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুটিবাড়ী চর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে গরু চোরাচালানের তথ্য পেয়ে টহলদল অভিযান চালায়। এ সময় কয়েকজন চোরাকারবারী ভারতীয় সীমান্তের দিক থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়।
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত গরুর সিজার মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন