পরীক্ষামূলক
LIVE TV

রংপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

রংপুরে দেশীয় অস্ত্র ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় নগরীর কামারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত দুইজন হলেন আলমনগর এলাকার নিলয় হোসেন তনু ও নিউ আদর্শ পাড়ার শাহারিয়ার সাহস।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রংপুর নগরীর মডার্ন মোড় এলাকা থেকে দর্শনা যাওয়ার পথে শুটকির আড়তের সামনে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এক রিকশার গতিরোধ করে। এরপর রিকশায় থাকা দুই ছাত্রের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা ছাত্রদের মারধরও করে। ঘটনার পর তাজহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা কোচ স্ট্যান্ডের কামারপাড়া এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র (ছোরা), মোটরসাইকেল, ছিনতাই হওয়া মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকা উদ্ধার করা হয়।
তাজহাট থানার ওসি শাহ আলম বলেন, “গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন