লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৫১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেন্সিডিল, ফেয়ারডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৬ জুলাই) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবির বনচৌকি, গোড়কমন্ডল ও মোগলহাট বিওপির তিনটি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত এলাকায় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারীকে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিল, ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ১৭১ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মোট সিজার মূল্য ২ লাখ ৫ হাজার ৬০০ টাকা।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন