পরীক্ষামূলক
LIVE TV

সাংবাদিক দম্পতি শাকিল-রূপা ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনের মিরপুর থানার এক হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক।
সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার এদিন আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। এসময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঢাকার মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ফারজানা রূপা বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তর টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট। অপর আসামি শাকিল একই টেলিভিশনের সাবেক হেড অব নিউজ।
ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দুই দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এই মামলায় তদন্ত চলছে এবং আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। আদালতের রিমান্ড আদেশের পর পুলিশ তাদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন