পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল: প্রধান উপদেষ্টা
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন আর লাগবে না। এছাড়া, জন্মসনদসহ সব ধরনের সরকারি সেবা অনলাইনে দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, “পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। আর টাকা দিলেই জন্মসনদ মিলবে, এটা হতে পারে না। সব সেবা অনলাইনে দিতে হবে।” তিনি জেলা প্রশাসকদের এ সংক্রান্ত সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সরকারের সফলতা-ব্যর্থতা নির্ভর করে উল্লেখ করে ড. ইউনূস বলেন, “দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।” এসময় তিনি প্রশাসনিক কাজে অন্যের ওপর দোষ চাপিয়ে পার পাওয়ার প্রবণতা বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা দেন।
সম্মেলনের উদ্বোধনী দিনে সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা নিজ কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী এ সম্মেলনের সূচনা করেন। সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনা, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজের আয়োজন করা হয়।
১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ সম্মেলনের সমাপ্তি হবে।
মন্তব্য করুন