পরীক্ষামূলক
LIVE TV

জাপা মহাসচিব চুন্নু ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তার স্ত্রী রোকসানা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, মুজিবুল হক চুন্নু এবং তার এপিএস আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, জমি দখল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখাসহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়াও, তাদের নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে এবং মানিলন্ডারিং প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, মুজিবুল হক চুন্নু ও তার স্ত্রী রোকসানা কাদের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এসব অভিযোগ ও তথ্যের ভিত্তিতে আদালত মুজিবুল হক চুন্নু ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের এই সিদ্ধান্ত অনুসারে, অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা দেশ ছাড়তে পারবেন না।
দুদকের অনুসন্ধানে উঠে আসা অভিযোগগুলোর ভিত্তিতে মুজিবুল হক চুন্নু ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এই ঘটনায় দুদকের তদন্তের অগ্রগতি এবং আদালতের পরবর্তী নির্দেশনা নিয়ে আরও তথ্য জানার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন