পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধান পাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তের শূন্য রেখায় দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে অবস্থান করছেন ভারত থেকে পুশইন হওয়া শিশুসহ ১০ নারী-পুরুষ। তবে তাদের বিষয়ে কোন ব্যবস্থা কিংবা সিদ্ধান্ত এখন পর্যন্ত গ্রহন করতে পারেনি বিজিবি – বিএসএফ।
গতকাল শুক্রবার ভোর ৬টায় তাদের পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দেের বাঁধার মুখে পড়ায় ভারতীয় সীমান্তরেখায় আটকা পড়েন তারা। তবে ভুক্তভোগী পুশইন হওয়া ১০ জন ভারত থেকে আসলেও বিষয়টি অস্বীকার করছে বিএসএফ। পাশাপাশি তিন দফায় পতাকা বৈঠক হপয়ার পরও কোন সিদ্ধান্ত গ্রহন করতে পারেনি বিজিবি ও বিএসএফ। এছাড়া বিএসএফ পুশইন করার বিষয়টি অস্বীকার করেন এবং তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।
এদিকে বিজিবি সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে ভারতীয় কোনো অনুপ্রবেশ বা পুশইন মেনে নেবে না। এবং এঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে৷
তবে সরেজমিনে দেখা যায়, পুশইন হওয়া শিশুসহ ১০ নারী পুরুষ ভারতীয় সীমান্তের শূন্য রেখার কৃষি জমির একটি আইলের উপর বসে অবস্থান নিয়েছেন৷ চারপাশে পানি,নেই খাবারের ব্যবস্থা৷ না খেয়ে তারা দিনরাত্রি পার করছেন৷ বিজিবি পক্ষ থেকে সামান্য পানিসহ শুকনো খাবার দিলেও বিএসএফ কোন সহযোগীতা করছেনা৷ এছাড়া গতকাল ঝড়বৃষ্টিতে ভিজে তারা রাত পার করেন৷ ১০ জনের মধ্যে ৩ শিশু,২ নারী এবং একজন বৃদ্ধ ও ৪ জন পুরুষ রয়েছে৷
তবে পুশইন হওয়া নারী পুরুষরা জানান,তারা অনাহারে রয়েছে । গতকাল থেকে তারা ঝড়-বৃষ্টি ও রৌদ্রের মধ্যে পানির মধ্যে অবস্থান করছে। তারাও বিষয়টি দ্রুত সমাধান চান।
এদিকে স্থানীয় মানুষরা বলছেন, যেহেতু তারা ভারত থেকে এসেছে তাদের বাংলাদেশের যেন প্রবেশ করতে দেওয়া না হয়। তারা ভারত থেকে এসেছে যেহেতু তাদের ভারতেই ফিরিয়ে নেওয়া উচিত। তবে বিএসএফ যে কাজ করেছে সেটি অমানবিক। গত দুইদিন ধরে পুশইন হওয়া মানুষগুলো কষ্ট করতেছে। খেয়ে না খেয়ে, পানির ওপরে ক্ষেতের আইলে বসে অবস্থান করছে। বিষয়টি দ্রুত সমাধান করার অনুরোধ জানান তারা।
এবিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন,কিছুক্ষণ আগে অধিনায়ক পর্যায়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ আমরা এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছি। কিন্তু বিএসএফ পুশইন করার বিষয়টি অস্বীকার করেছে এবং তাদের ফেরত নিতেও অস্বীকার করেন। তবে ভিকটিমও স্বীকার করছে তাদের ভারত থেকে সীমান্ত পার করে দেয়া হয়েছে৷ এছাড়া সীমান্তের বিভিন্ন এলাকায় আমাদের বিজিবির টহল ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। কোনভাবেই যেন পুশইন বা অনুপ্রবেশ করতে না পারে তার জন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।
মন্তব্য করুন