গাইবান্ধা প্রতিনিধি 

দেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। মঙ্গলবার সকালে গাইবান্ধা শহরের পার্ক রোডে ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখার দাবি জানান।
মানবন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আসাদ, সাইদুর রহমান, আব্দুল লতিফ, মাওলানা রেজাউল করিম, নজরুল ইসলাম মঞ্জু প্রমুখ। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোটি গ্রাহকের আস্থা ও আমানতের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এ ব্যবস্থাকে দুর্বল করার যেকোনো অপচেষ্টা ব্যাংকিং খাতের জন্য ক্ষতিকর।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকিংয়ের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে এর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন