কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাঁশের সাঁকো ভেঙে দিয়ে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকবাসী। উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের হলোরহাট এলাকার মানিকের ঘাটে মঙ্গলবার দুপুরে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে, কৃষক, শ্রমিক, সংগঠক, রাজনৈতিক ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার ৫ শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তারা জানান, বেরুবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মানিকের ঘাটে দীর্ঘদিন ধরে এলাকার হাজারও মানুষ এই পথে দুর্ভোগ নিয়ে যাতায়াত করেন। সেখানে বাঁশের সাঁকো থাকলেও সেটিও নড়বরে হওয়ায় অচলাবস্থা হয়ে পড়েছে। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় কচাকাটা, বল্লভেরখাস, বামনডাঙ্গা, বেরুবাড়ী ইউনিয়নসহ দুইপাড়ের প্রায় ৫০ হাজার মানুষকে।
বর্ষাকালে পানি বেশি থাকায় ভাঙ্গা সাঁকোর উপর দিয়ে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে চাইলেও কোনো যাবাহন চলাচলা করে না এই পথে। ফলে রোগীকে হসপাতালে নিতে নিতেই পথেই মৃত্যু ঘটে। এমনকী এই সাঁকোর উপর দিয়ে চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয় পথচারীরা।
এছাড়াও দুইপাড়ের মানুষের উৎপাদিত কৃষি পন্য পরিবহন করা নিয়েও রয়েছে চরম ভোগান্তি। ফলে ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হতে হয় কৃষকদের।
অপরদিকে স্কুল, কলেজ ও মাদরসার শিক্ষার্থীরা বই খাতা নিয়ে স্কুলে যেতে পারেন না। অনেক সময় পা পিছলে পড়ে গিয়ে ভিজে যায়, বই, খাতা ও পরনের পোশাক। দুর্ঘটনার শিকার হয়ে শরিরের বিভিন্ন জায়গায় জখম হয় তাদের। এই অঞ্চলের মানুষের দুর্ভোগ নিরসনে দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি তোলেন বক্তারা।
রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সঞ্চালণায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, স্থানীয় শফিকুল ইসলাম, জমির হোসেন মন্ডল, পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন