লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
শনিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজরা হলো মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা আপন দুই ভাই। তাদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিবারের বাড়ি মোগলহাট বাজার সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর প্রায় ২টার দিকে শাওন, সাব্বির এবং তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা বিপদে পড়ে যায়। এ সময় মেহেদী কোনো রকমে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে তলিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই ভাইয়ের কোনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা ধরলা নদীতে অভিযান অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান ঘটনা শোনার পর পরই পুলিশ পাঠানো হয়েছে।স্থানীয় একজন ইউপি সদস্য এবং ফায়ার সার্ভিস থেকে আমাদের জানানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, দুপুর দুইটার দিকে গোসল করতে নেমেই দুর্ঘটনার শিকার হয় ওই তিন কিশোর। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন