স্পোর্টস ডেস্ক 

দীর্ঘ প্রায় দুই দশক পর লিগ শিরোপা জয়ের মৌসুমে আর্সেনালের আধিপত্য শুধু ট্রফিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশেও তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে স্পোর্টস অ্যানালিটিক্স প্রতিষ্ঠান অপটা ২০২৫–২৬ মৌসুমের সেরা একাদশ প্রকাশ করেছে, যেখানে আর্সেনালের চারজন ফুটবলার জায়গা পেয়েছেন।
লিগ চ্যাম্পিয়ন দলটির হয়ে বর্ষসেরা একাদশে স্থান করে নিয়েছেন গোলরক্ষক ডেভিড রায়া, রক্ষণভাগের গ্যাব্রিয়েল মাগালাইস ও উইলিয়াম সালিবা এবং মিডফিল্ডার ডেক্লান রাইস।
অন্যদিকে রানার্সআপ ম্যানচেস্টার সিটি থেকেও তিনজন খেলোয়াড় এই তালিকায় জায়গা পেয়েছেন। তারা হলেন ফরোয়ার্ড রায়ান চেরকি ও আর্লিং হালান্ড এবং ডিফেন্ডার ম্যাথিউস নুনেস।
এবারের তালিকায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ব্রুনো ফার্নান্দেসকে নিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই অধিনায়ক গত এক মৌসুমে সর্বোচ্চ ২১টি অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন। পাশাপাশি ১৩৬টি গোলের সুযোগ তৈরি করে তিনি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।
আক্রমণভাগে সিটির হয়ে প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্স দেখানো রায়ান চেরকি এবং ২৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকা আর্লিং হালান্ড জায়গা পেয়েছেন। এছাড়া মিডফিল্ডে নটিংহাম ফরেস্টের এলিয়ট অ্যান্ডারসন এবং লিভারপুলের ডমিনিক সোবোসলাই–ও নিজেদের পারফরম্যান্সের সুবাদে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন।
অপটা ঘোষিত ২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ সেরা একাদশ
গোলকিপার: ডেভিড রায়া (আর্সেনাল)
ডিফেন্ডার: ম্যাথিউস নুনেস (ম্যানচেস্টার সিটি), গ্যাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল), আদ্রিয়েন ট্রুফার্ট (বোর্নমাউথ)
মিডফিল্ডার: ডেক্লান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), ডমিনিক সোবোসলাই (লিভারপুল)
ফরোয়ার্ড: রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড)
মন্তব্য করুন