নাটোর প্রতিনিধি 

শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নাটোর জুড়ে মোট ২৩০০টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৩ হাজার ৩৩৯ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূইয়া জানান, ইতোমধ্যে গত ১৮ এপ্রিল পর্যন্ত নাটোর সদর উপজেলায় ২০ হাজার ২৪৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬ হাজার ৬৫২ জনকে টিকা দেওয়া হয়েছে। একই সময়ে নাটোর পৌরসভা এলাকায় ৮ হাজার ৬৮০ জনের লক্ষ্যমাত্রার মধ্যে ৭ হাজার ৭৭৮ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার থেকে জেলার বাকি ৬টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী— বাগাতিপাড়া উপজেলায় ১০ হাজার ৩০৭ জন, বড়াইগ্রাম উপজেলায় ৩১ হাজার ৮৩০ জন, গুরুদাসপুরে ১৯ হাজার ৪৭৩ জন, লালপুরে ৩০ হাজার ৫০৬ জন এবং সিংড়া উপজেলায় ৩৩ হাজার ৯৩৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এই টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে শিশুদের হাম ও রুবেলা রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত করা সম্ভব হবে। এজন্য অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন