আরসিটিভি ডেস্ক 

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা কাটেনি এখনো। এরই মধ্যে ইয়েমেন উপকূলের বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সানাভিত্তিক হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তারা শর্ত হিসেবে উল্লেখ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে এই প্রণালি বন্ধ করে দেবে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-এজ্জি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে লিখেছেন, সানা যদি বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিন—কারও পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না। তাই ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে, তারা শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড ও নীতি অবিলম্বে বন্ধ এবং আমাদের জনগণের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবেন।
লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই বাব আল-মান্দেব প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এ পথ দিয়েই সুয়েজ খালের দিকে জাহাজ চলাচল করে। প্রণালিটির সংকীর্ণতম অংশ মাত্র ২৯ কিলোমিটার চওড়া। এই সরু পথের কারণে পণ্যবাহী জাহাজগুলোর যাতায়াতের জন্য মাত্র দুটি চ্যানেল ব্যবহার করতে হয়।
মন্তব্য করুন