পরীক্ষামূলক
LIVE TV

উজ্জীবিত যুক্তরাজ্য বিএনপি, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা কম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন আগমন কেন্দ্র করে যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দীর্ঘ সাত বছর পর তাকে সরাসরি দেখার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এবারের সফরে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা নেই বললেই চলে। পুরো বিষয়টি সরাসরি দেখভাল করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি নেতাদের মতে, চেয়ারপারসনের আগমন উপলক্ষে নেতাকর্মীদের বিমানবন্দর, হাসপাতাল বা তারেক রহমানের বাসভবনের আশপাশে ভিড় না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক বলেন, “দীর্ঘ সময় পর গণতন্ত্রের মা আমাদের কাছে আসছেন। আমরা তাকে বরণ করতে প্রস্তুত। তবে তার স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় বিমানবন্দরে জনসমাগম এড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। লিডার তারেক রহমান সরাসরি বিষয়টি তদারকি করছেন।”

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, “দীর্ঘ সাত বছর পর আমাদের নেত্রী পরিবারের সঙ্গে পুনর্মিলন করবেন। তবে সাধারণ কর্মসূচি বা ভিড় এড়ানোর জন্য আমরা বিশেষ নির্দেশনা দিয়েছি।”

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, “স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে আমাদের নেত্রী চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দলের হাল ধরবেন।”

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ৮ জানুয়ারি যুক্তরাজ্যের হিথ্রো অথবা লন্ডন সিটি এয়ারপোর্টে অবতরণ করবে। তাকে রিসিভ করবেন তার বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সেখান থেকে তিনি সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন, যেখানে ডা. প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা হবে।

চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করবেন তার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। ৬ সদস্যের এই মেডিকেল টিমে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও থাকতে পারেন।

এর আগে ২০১৭ সালে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ৭৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।

যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা আশাবাদী, তার চিকিৎসা সফলভাবে সম্পন্ন হবে এবং তিনি দ্রুতই দেশে ফিরে দলের কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন