আন্তর্জাতিক ডেস্ক 
যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির লারাক দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ইরান এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে।
ইরানের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি এবং হরমুজ প্রণালিতে থাকা মার্কিন জাহাজ।
তবে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, জর্ডানে থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের হামলা চালানো হয়। ছোড়া সব ক্ষেপণাস্ত্রই মাঝপথে প্রতিহত করা হয়েছে এবং এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ভিন্ন দাবি করেছে। তারা জানিয়েছে, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী জর্ডানের কিং হুসেইন ও আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
আইআরজিসির দাবি, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমানঘাঁটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ স্থাপনা এবং মার্কিন যুদ্ধবিমান রাখার এলাকাগুলোতে আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স ফক্স নিউজকে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে রকেট ছোড়ার প্রস্তুতি এবং সমুদ্রপথে মাইন পেতে রাখার প্রস্তুতি নেওয়ার সময় আইআরজিসির দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালায় মার্কিন বাহিনী।
আইআরজিসি জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় তাদের কয়েকজন সদস্য ও বেসামরিক মানুষ নিহত বা আহত হয়েছেন। এই হামলার প্রতিশোধ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
মন্তব্য করুন