লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের আদিতমারীতে ৪১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে দিঘলটারী বিওপির আওতাধীন মাশানকুড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—লালমনিরহাট সদর উপজেলার কাকেয়া টিপা গ্রামের মো. লতিফুল ইসলাম (২৬) এবং ভাটীবাড়ি গ্রামের মো. মিন্টু (২৪)।
১৫ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাশানকুড়া এলাকায় অভিযান চালায় দিঘলটারী বিওপির একটি টহলদল। এ সময় মোটরসাইকেলযোগে আসা ওই দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের প্যান্টের পকেট থেকে ৪১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, উদ্ধার করা ট্যাপেন্টাডলের সিজার মূল্য ৪ হাজার ১০০ টাকা এবং মোটরসাইকেলটির সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৮৪ হাজার ১০০ টাকা।
আটকদের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করে মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। মাদক ও চোরাচালানসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন