লালমনিরহাট প্রতিনিধি 

সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে লালমনিরহাটে র্যাব-১৩-এর উদ্যোগে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকবিরোধী সচেতনতা তৈরি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।
র্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার বিপ্লব কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাদত হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
টাউন হল মিটিংয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্য, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী বিতরন করা হয়।
মন্তব্য করুন