আন্তর্জাতিক ডেস্ক 

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটক বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানে থাকা ১৩ জনই নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
শনিবার পেরুর বিখ্যাত নাজকা লাইনস প্রত্নতাত্ত্বিক এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সেসনা ক্যারাভান সি২০৮ মডেলের বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এতে ১১ জন যাত্রী এবং দুইজন পাইলট ছিলেন।
পেরুর রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, নিহত যাত্রীদের মধ্যে দুজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কেউ বেঁচে নেই। তিনি বলেন, দুর্ঘটনার তীব্রতার কারণে কোনো জীবিত ব্যক্তি নেই। এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় দুপুর ১টার দিকে পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পুয়েবলো ভিয়েখো এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
নাজকা লাইনস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত এবং মরুভূমির বালিতে আঁকা বিশাল আকৃতির প্রাচীন নকশার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এসব নকশা আকাশ থেকে দেখার জন্য পর্যটকরা নিয়মিত ছোট বিমানে ভ্রমণ করেন।
দুর্ঘটনার পর নাসকা প্রাদেশিক পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
নাজকা লাইনস এলাকায় এর আগেও একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালে একই এলাকায় একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন। এর আগে ২০১০ সালেও আরেকটি দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়।
মন্তব্য করুন