স্পোর্টস ডেস্ক 

জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে অলআউট করতে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট শিকার করে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন এই তারকা।
হারারের মাঠে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে জিম্বাবুয়ের দুই ওপেনার কিছুটা প্রতিরোধ গড়লেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় টাইগার পেসাররা।
৩৬ রানে প্রথম উইকেট হারানোর পর ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। ৩৬ থেকে ৭০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। শেষ দিকে শেষ উইকেট জুটির কিছু প্রতিরোধে তারা ১৪১ রান পর্যন্ত পৌঁছায়।
বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন নাহিদ রানা। দুর্দান্ত গতি ও নিয়ন্ত্রিত লাইন-লেন্থে ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। এছাড়া টাসকিন আহমেদ ২টি এবং মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট নেন।
এই পারফরম্যান্সের মধ্য দিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড নিজের করে নিলেন নাহিদ। এর আগে যৌথভাবে রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের দখলে। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।
পরে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রুবেল ৫.৫ ওভারে ২৬ রান খরচায় ৬ উইকেট শিকার করেন। নাহিদ ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন। ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করে সিরিজে শুভসূচনা করার সুযোগ এখন বাংলাদেশের সামনে।
মন্তব্য করুন