নাটোর প্রতিনিধি 

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের লেজাকাটা বিলের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. নান্নু আলী (৩২) নামে এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ জুলাই) দুপুরে লালপুর উপজেলার লেজাকাটা বিলে পরিচালিত অভিযানে বিনা অনুমতিতে আনুমানিক ২০০ পাওয়ার ট্রলি পরিমাণ মাটি কর্তন ও পরিবহনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ‘ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩’-এর আওতায় তাকে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে লালপুর থানা পুলিশের একটি দল।
লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, “ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা রোধে প্রশাসনের এ ধরনের অভিযানে পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ অবৈধভাবে মাটি কাটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
লালপুর উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও)মোঃ বরকত উল্লাহ বলেন, ফসলি জমি রক্ষা ও জনস্বার্থে অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন