দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুকদেবপুর এলাকায় শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের বসতবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।
১৬ জুন মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে হাবিবুর রহমান, তরিকুল আলী, মো. হেলাল আলী ও মো. সাদ্দাম আলীর বাড়িঘর, আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এছাড়া আগুনে তিনটি ছাগলও দগ্ধ হয়ে মারা গেছে।
স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে পরিস্থিতি সামাল দেন। তবে আগুনের তীব্রতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, তাদের ঘরে থাকা প্রায় সবকিছুই আগুনে পুড়ে গেছে। তারা সরকারি ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানা গেছে।
মন্তব্য করুন