পরীক্ষামূলক
LIVE TV

গাইবান্ধায় কোচিং সেন্টার থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাকিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে কামদিয়া কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল কামদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রী। পথে একই শ্রেণীর ছাত্র ও কামদিয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে হুমায়ুন কবির (১৮) তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক একটি অটোরিকশায় করে ওই ছাত্রীকে অপহরণ করে। তারা মেয়েটিকে পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের পূর্ব বাহিয়াল পালশা গ্রামে শাহাজান আলীর ছেলে সাকিরুল ইসলামের বাড়িতে নিয়ে যায়।

সেখানে হুমায়ুন ও সাকিরুল ছাড়াও কামদিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অনিক মিয়া (১৮) এবং আলীগাঁও গ্রামের নুরুন্নবীর ছেলে সাব্বির মিয়া (১৯) মিলে মেয়েটিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে আটকে রাখে। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে এসে ভুক্তভোগী ছাত্রীটি তার বাবাকে বিষয়টি জানায়।

এ ঘটনায় মেয়েটির বাবা গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম মিটন বাদী হয়ে থানায় ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য অভিযুক্তরা পালিয়ে যায়

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান-“অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে সাকিরুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। নির্যাতিতা স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন