যুক্তরাষ্ট্রে চীনা এআই প্রযুক্তি ‘ডিপসিক’ নিষিদ্ধের উদ্যোগ
চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট ‘ডিপসিক’ নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির আইনপ্রণেতারা ইতিমধ্যে এ সংক্রান্ত একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। সম্প্রতি মার্কিন সিনেটর জশ হাওলি একটি বিল উত্থাপন করেছেন, যেখানে সরকারি ডিভাইসসহ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে এই চ্যাটবট ব্যবহারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, যদি কেউ ‘ডিপসিক’ ব্যবহার করে, তবে ব্যক্তিগতভাবে ১০ লাখ ডলার পর্যন্ত জরিমানা ও ২০ বছরের কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে। আর ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানার পরিমাণ হতে পারে সর্বোচ্চ ১০ কোটি ডলার।
‘ডিপসিক’ নিষিদ্ধের পেছনে সবচেয়ে বড় কারণ গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। মার্কিন প্রশাসনের দাবি, চীনা প্রযুক্তি সংস্থাগুলো প্রায়ই ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের সঙ্গে ভাগ করে নেয়। এর আগে একই উদ্বেগ থেকে যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ করার পরিকল্পনা করেছিল। সিনেটর হাওলির মতে, ‘ডিপসিক’ ব্যবহার করলে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য চীনা কর্তৃপক্ষের হাতে চলে যেতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে।
যুক্তরাষ্ট্র ছাড়াও ইতালি, তাইওয়ান ও অস্ট্রেলিয়া ‘ডিপসিক’ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণের পথে এগোচ্ছে। তবে ভারত কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে। দেশটির আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে ‘ডিপসিক’ স্থানীয় সার্ভারে হোস্ট করা হবে।
মন্তব্য করুন