RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ, শিরোপা ধরে রাখতে পারবে তো আর্জেন্টিনা?

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও শিরোপা ধরে রাখার প্রত্যয় আলবিসেলেস্তেদের। কিন্তু বিশ্বকাপ শুরুর দুই মাসের কম সময় বাকি থাকতেই বড় দুঃসংবাদ পেল লিওনেল স্কালোনির দল। তাদের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাওতারো মার্তিনেজ, এমিলিয়ানো মার্তিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো চোটে পড়েছেন।

পুরোনো চোটের জায়গাতেই নতুন করে আঘাত পেয়েছেন ইন্টার মিলান স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। অ্যাস্টন ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ রোববার রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে পায়ে সমস্যার কথা জানান। এ কারণে ম্যাচে আর খেলতে পারেননি। একই রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে টটেনহামের ডিফেন্ডার এবং অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোও চোট পান।

সান্ডারল্যান্ডের মাঠে নির্ধারিত সময় শেষ হওয়ার ২৫ মিনিট আগে প্রতিপক্ষ স্ট্রাইকার ব্রায়ান ব্রবির ধাক্কায় টটেনহামের গোলকিপার আন্তোনিন কিনস্কির ওপর গিয়ে পড়েন রোমেরো। তার ডান হাঁটুর সঙ্গে সংঘর্ষ হয় কিনস্কির মাথার। তখনই বোঝা গিয়েছে, বেশ ব্যথা পেয়েছেন রোমেরো। মাঠ ছাড়েন ভেজা চোখে খোঁড়াতে খোঁড়াতে।

২০২২ বিশ্বকাপজয়ী রোমেরো আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দুর্ঘটনা থেকে পাওয়া এই চোটে তাকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষা-নিরীক্ষার পর তা বলা যাবে। ম্যাচ শেষে টটেনহামের কোচ রবার্তো দে জার্বি বলেন, ‘আগামী কয়েক দিন আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। আশা করি চোট খুব বেশি গুরুতর নয়। কারণ, সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মৌসুমের বাকি ম্যাচগুলো এবং আমাদের লক্ষ্য অর্জনে তাকে খুব প্রয়োজন।’

অ্যাস্টন ভিলার গোলকিপার মার্তিনেজ মৌসুমজুড়েই কাফ মাসলের (পায়ের পেশি) চোটে ভুগছেন। নটিংহামে ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপের সময় সেই চোট আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। খেলা শুরুর মাত্র ২০ মিনিট আগে কোচিং স্টাফদের কাছে খেলতে অপারগতার কথা জানান মার্তিনেজ। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে ছিটকে গেলেন তিনি। ১-১ গোলে ড্র ম্যাচের পর ভিলা কোচ উনাই এমেরি মার্তিনেজের চোট নিয়ে বলেন, ‘ওয়ার্মআপের সময় সে আমাদের জানায়, কাফ মাসলে অস্বস্তি বোধ করছে। সেখানে ব্যথা ছিল।’

মার্তিনেজের চোট কতটা গুরুতর এবং সেরে উঠতে কত দিন লাগতে পারে, তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছুই জানা যায়নি। তবে অন্য মার্তিনেজের চোটের বিষয়ে একটু ধারণা মিলেছে। বাঁ পায়ের পুরোনো চোট আবারও ফিরে এসেছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। গত শুক্রবার ইন্টার মিলান এক বিবৃতিতে নিশ্চিত করেছে, মার্তিনেজ তার বাঁ পায়ের মাংসপেশিতে নতুন করে চোট পেয়েছেন। সাত সপ্তাহ মাঠের বাইরে থাকার পর গত সপ্তাহেই খেলায় ফিরেছিলেন তিনি। ইন্টার জানিয়েছে, আগামী কয়েক দিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে ঠিক কত দিনের জন্য তিনি ছিটকে গেলেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ইন্টার।

ইন্টারের হয়ে পাঁচ ম্যাচ ও আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচে দর্শক হয়ে থাকার পর গত রোববার ক্লাবের একাদশে ফেরেন মার্তিনেজ। পুরোনো চোটে নতুন করে পাওয়া আঘাতে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড আবারও মাঠের বাইরে চলে গেলেন। কোমো ও ক্যালিয়ারির বিপক্ষে লিগ ম্যাচ এবং কোমোর বিপক্ষে কোপা ইতালিয়া সেমিফাইনালের ফিরতি লেগেও তার খেলার সম্ভাবনা নেই।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনার হাতে খুব বেশি সময় নেই। লিওনেল স্কালোনি নিশ্চয়ই চাইবেন, এই তিন খেলোয়াড় যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুক। তবে সুস্থ হয়ে উঠলেও মানসিক একটি অস্বস্তির জায়গা তো থাকেই। চোট খেলোয়াড়দের ছন্দ নষ্ট করে। বারবার চোট পেলে খেলার ছন্দে নেতিবাচক প্রভাব পড়ে আরও বেশি। এসব কারণেই ফুটবল বিশ্লেষকদের মনের মধ্যে শঙ্কা এবার শিরোপা ধরে রাখতে পারবে তো আর্জেন্টিনা?

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন

২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প

হঠাৎ হারিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরমাণু ও মহাকাশ বিজ্ঞানীরা!

অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত

নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি গুজব

১৫ বিজিবির অভিযানে মাদক, জিরা, চিনি ও ডিজেল জব্দ

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ

পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১০

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

১১

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : প্রতিমন্ত্রী

১২

ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

১৩

যুদ্ধবিরতির বার্তায় কমলো তেলের দাম

১৪

নামাজের সময়সূচি – ১৭ এপ্রিল ২০২৬

১৫

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

১৭

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

১৮

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১৯

লালমনিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

২০