আবারও বেলারুশের ক্ষমতায় লুকাশেঙ্কো, সপ্তমবারের মতো বিজয়
বেলারুশের দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো টানা সপ্তমবারের মতো দেশটির সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে লুকাশেঙ্কো ৮৬.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
তবে অন্যান্যবারের মতো এবারের নির্বাচনও ছিল ব্যাপক বিতর্কিত। প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা সকলেই লুকাশেঙ্কোর দীর্ঘ ৩০ বছরের শাসনকালকে সমর্থন করেছেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেছেন।
১৯৯৪ সাল থেকে একটানা প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে আসা লুকাশেঙ্কোর নির্বাচনগুলোর বৈধতা নিয়ে পশ্চিমা দেশগুলো এবং মানবাধিকার সংস্থাগুলো বরাবরই প্রশ্ন তুলেছে এবং একে ‘প্রহসন’ বলে অভিহিত করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুকাশেঙ্কোর বিজয়ের পর অভিনন্দন জানিয়ে বলেছেন, “এই বিজয় আপনার রাজনৈতিক কর্তৃত্বের শক্তিশালী প্রমাণ এবং বেলারুশের রাষ্ট্রনীতির প্রতি জনগণের অব্যাহত সমর্থনকে প্রতিফলিত করে।”
ইউক্রেন যুদ্ধের পর থেকে লুকাশেঙ্কো এবং পুতিনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। বর্তমানে রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র বেলারুশে মোতায়েন করা হয়েছে, যা এই অঞ্চলের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।
মন্তব্য করুন