পরীক্ষামূলক
LIVE TV

কাশ্মীরে হামলার পর শীর্ষ পাকিস্তানি কূটনীতিককে তলব ভারতের

কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় দিল্লিতে নিযুক্ত শীর্ষ পাকিস্তানি কূটনীতিককে তলব করেছে ভারত। হামলায় ২৬ জন নিহত হওয়ায় দুই প্রতিবেশী দেশের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারানোর পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ঘোষণা করে। বুধবার এক বিশেষ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, এই হামলার পেছনে পাকিস্তানের পরোক্ষ মদদ রয়েছে বলে নয়াদিল্লির ধারণা।

ভারতের নেওয়া পদক্ষেপগুলো

  • সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত: ভারত পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়।

  • আটারি চেকপোস্ট বন্ধ: পাঞ্জাবের গুরুত্বপূর্ণ এই সীমান্তপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

  • সার্ক ভিসা বাতিল: পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসায় ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যাঁরা বর্তমানে এই ভিসায় ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কূটনীতিক বহিষ্কার ও দূতাবাসে রদবদল

  • দিল্লির পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত সামরিক উপদেষ্টাদেরপার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে ভারত। তাঁদের এক সপ্তাহের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

  • একইভাবে ভারতের ইসলামাবাদ দূতাবাস থেকেও সামরিক উপদেষ্টাদের ফিরিয়ে আনা হবে।

  • উভয় দূতাবাসে দ্বিপাক্ষিক কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে ভারত-পাকিস্তান সম্পর্কের এক নতুন সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কাশ্মীরের দীর্ঘদিনের অস্থিরতা আবারও এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন