দিনাজপুর প্রতিনিধি 

দেশব্যাপী গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা শাখা।
৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি পাঠানো হয়।
স্মারকলিপি প্রদান উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, জাগপার নেতা ইমরুল কায়েস রূপম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি রুহুল আমিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, জেলা কর্মপরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন, শহর আমির মাওলানা সিরাজুস সালেহীন এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়ও এর নেতিবাচক প্রভাব পড়ছে। একই সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং চাল, ডাল, তেল, চিনি, মাছ, মাংস ও সবজিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ১১ দলীয় ঐক্য ১১ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে ভূতুড়ে বিদ্যুৎ বিলের গণশুনানি ও ক্ষতিপূরণ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াসহ অযৌক্তিক চার্জ বাতিল, অতিরিক্ত অর্থ গ্রাহকদের ফেরত প্রদান, বিলিং ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতকরণ, ‘গ্যাস না থাকলে বিল নয়’ নীতি বাস্তবায়ন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, এলএনজি প্রকল্পের তদন্ত, গ্যাসের অপচয় ও অবৈধ সংযোগ বন্ধ, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং বাজারে সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপিতে ১১ দলীয় ঐক্যের পক্ষে যৌথভাবে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, জেলা এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক আবির, জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা আহ্বায়ক মো. রুহুল আমিন।
মন্তব্য করুন