লমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জামিনুর রহমান (৪০) এবং ওসমান গণীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫)।
র্যাব জানায়, গত ১৮ জুলাই হাতীবান্ধা থানার এসআই মো. তুহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে যায়। এ সময় চিহ্নিত মাদক কারবারি হামিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে। পরে জনসম্মুখে তার দেহ তল্লাশির সময় হামিদুল চিৎকার শুরু করলে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা এক পুলিশ সদস্যকে মারধর করে তার কাছে থাকা হ্যান্ডকাফের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর এলোপাতাড়ি হামলার সুযোগে মাদকসহ গ্রেপ্তার হওয়া হামিদুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
এ ঘটনায় ১৯ জুলাই হাতীবান্ধা থানার এসআই তুহিন মিয়া বাদী হয়ে সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
র্যাব-১৩ জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় অভিযানে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন