নাটোর প্রতিনিধি 

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং নতুন প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও জবাবদিহিতার মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে নাটোরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী সমন্বিত কার্যালয়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নাটোরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জান্নাত আরা ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিধা কুমার (অলোক মৈত্র), নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ।
এছাড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতির কারণে শুধু অর্থনৈতিক ক্ষতিই হয় না, বরং সমাজের নৈতিক ভিত্তিও দুর্বল হয়ে পড়ে। তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক আন্দোলন, নৈতিক শিক্ষার প্রসার এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ।
বক্তারা আরও বলেন, পরিবার থেকেই সন্তানদের সততা, ন্যায়নিষ্ঠা ও জবাবদিহিতার শিক্ষা দিতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন