লালমনিরহাট প্রতিনিধি 

ভারতের উজানে ভারি বৃষ্টি ও ঢলের কারণে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।
সোমবার(২০জুলাই) বিকেল ৩টার তথ্য অনুযায়ী, তিস্তার পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লালমনিরহাট সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টায় তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুপুর ১২টায় তা ৭ সেন্টিমিটার নিচে নামে। পরে বিকেল ৩টায় পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ফলে নদীর পানি সতর্কসীমার আশপাশে ওঠানামা করছে।
পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বর্মণ জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি কিংবা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ কারণে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
মন্তব্য করুন