ঠাকুরগাঁওয়ে আমন ধানের জমি নিজের পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে নয়টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ মর্মান্তিক  ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান ওই গ্রামের মহসিন আলীর ছেলে।

নিহত ফজলুর রহমানের ভাই শাহাজান আলী জানান, আমন ধানের চারা লাগানোর জন্য জমি হাল চাষ করতে সকালে বাড়ি থেকে পাওয়ার টিলার নিয়ে দুই ভাই মাঠে যায়। ফজলুর রহমান পাওয়ার টিলার দিয়ে জমির চাষ শুরু করেন। আর শাহজান আলী পাশের জমিতে কাজ করছিলেন। সকাল সাড়ে নয়টার সময় হঠাৎ বৃষ্টির সাথে বিকট শব্দে বজ্রপাত হয়। কিছুক্ষণ পরে শাহাজান আলী দেখেন পাওয়ার টিলার একাই চলছে আর চালক ফজলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েছে। শাহাজান আলীসহ আশপাশের লোকজন দৌড়ে দেখেন ফজলুর রহমান মারা গেছেন। পরে ফজলুর রহমানের মরদেহ মাঠ থেকে বাড়িতে আনেন। ব্যক্তিগতভাবে স্ত্রী ও দুই সন্তানের জনক ফজলুর রহমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, ফজলুর রহমানের অকাল মৃত্যু পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কয়েকদিন আগেও জামালপুর ইউনিয়নে বৃষ্টির সময় মাঠে পাট কাটতে গিয়ে বাবা ছেলে নিহত হয়। যেহেতু বৃষ্টির সময় যেহেতু বৃষ্টির সময় বজ্রপাত হচ্ছে এ কারণে বৃষ্টির সয়ম সকলকে নিরাপদ স্থানে থাকা উচিত।