আন্তর্জাতিক ডেস্ক 

আর্জেন্টিনায় হান্টাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০১টি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং ৩২ জনের মৃত্যু হয়েছে।
দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ে সংক্রমণ ছিল ৫৭টি, অর্থাৎ এক বছরে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে মৃত্যুহারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাসে সংক্রমণের হার বৃদ্ধির পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়া। দাবি, এসব কারণে ভাইরাস বহনকারী ইঁদুরনতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বলছে, হান্টাভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমেই ছড়ায়। এমনকি, এ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে এমন ঘটনা বিরল।
সাধারণত ইঁদুরের প্রস্রাব, বিষ্ঠা ও লালা থেকে হান্টাভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। ইঁদুর বাসা বেঁধেছে, এমন জায়গা পরিষ্কার করার সময় এই ভাইরাস বাতাসে মিশে যায় এবং নিশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে।
এদিকে, আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চলে নতুন করে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি কেস পাওয়া গেছে রাজধানী বুয়েনোস আইরেসে। এখন পর্যন্ত সেখানে ৪২টি সংক্রমণ শনাক্ত হয়েছে।
অন্যদিকে, নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রমোদতরিতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।
তবে, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ উপকূলে নোঙর করা হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ জাহাজ এমএস হন্ডিয়াস থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া শুরু করেছে স্পেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের জাতীয়তা অনুযায়ী ধাপে ধাপে সরানো হচ্ছে। প্রথম ধাপে ১৪ জন স্প্যানিশ নাগরিককে সরিয়ে নেওয়া হবে। এরপর নেদারল্যান্ডস, গ্রিস ও জার্মানির যাত্রীদের সরানো হবে। পরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যাত্রীদের নিয়ে ফ্লাইট ছাড়বে, আর শেষ ধাপে, আগামী সোমবার, অস্ট্রেলিয়াগামী ফ্লাইট পরিচালিত হবে।
মন্তব্য করুন