আয়াতুল্লাহ খামেনি: ‘ঐশ্বরিক সাহায্যেই যুক্তরাষ্ট্র-ইসরাইল পরাজিত হয়েছে’
হামাসসহ গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও তাদের মোকাবিলা করে যাচ্ছে। এই বিষয়টিকে ‘ঐশ্বরিক সাহায্য’ হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
তিনি বলেন, গাজা তথা ফিলিস্তিনিরা একদিন দখলদার যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের বিরুদ্ধে বিজয়ী হবে, এমনটা আগে কেউ কল্পনাও করতে পারেনি। এটি কেবল আল্লাহর অনুগ্রহেই সম্ভব হয়েছে।
রোববার, ইরানের ৪১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “আপনি যদি আগে বলা হতো যে, গাজার জনগণ এমন একটি পরাশক্তির বিরুদ্ধে লড়বে, যার সঙ্গে মার্কিন সামরিক শক্তি রয়েছে এবং তারা তাদের পরাস্ত করবে—আপনি কী তা বিশ্বাস করতেন? কেউই বিশ্বাস করত না, কিন্তু আল্লাহর পরম কৃপায় তা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “আল্লাহর একান্ত অনুগ্রহেই অল্প সংখ্যক মানুষও বৃহৎ শক্তিকে পরাজিত করতে পারে।”
কুরআনের প্রতি ফিরে যাওয়ার আহ্বান
এছাড়া, খামেনি কুরআনের শিক্ষা অনুসরণের মাধ্যমে ‘সমস্ত সমস্যার সমাধান’ করতে সকলকে আহ্বান জানান। তিনি বলেন, “কুরআনের প্রতিটি বিষয়ই অলৌকিক। যদি আমরা কুরআনের শিক্ষা কাজে লাগাই, তবে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।”
খামেনি আরও বলেন, পবিত্র কুরআনের নির্দেশনা অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও জাতিগত সংকট দূর করা সম্ভব এবং এটি মানুষের জীবনে আশীর্বাদ বয়ে আনবে।
সূত্র: মেহের নিউজ
মন্তব্য করুন