পরীক্ষামূলক
LIVE TV

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করে বাংলাদেশও

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জন করেছে বাংলাদেশও।

শুক্রবার নেতানিয়াহু বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ওঠার সাথে সাথেই আরও বহু দেশের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিরাও অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহু যখন ভাষণ দিচ্ছিলেন, তখন মুসলিম ও আরব বিশ্বের প্রায় সব দেশ, আফ্রিকার অধিকাংশ দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের আসন ফাঁকা দেখা যায়। বাংলাদেশের নির্ধারিত আসনটিও এ সময় খালি ছিল, যা ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের সমর্থনের বহিঃপ্রকাশ।

প্রতিনিধিদের এই গণ ওয়াকআউটের মধ্যেই দর্শক সারিতে উপস্থিত নেতানিয়াহুর সমর্থকরা করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। তবে অধিবেশন কক্ষের অধিকাংশ আসন ফাঁকা থাকায় এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ভাষণে নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি এই পদক্ষেপকে নিছক পাগলামি এবং মর্যাদাহানিকর হিসেবে অভিহিত করে বলেন, ‘আমরা তা কখনো হতে দেবো না।’

এছাড়াও, হামাসের হাতে আটক থাকা ইসরায়েলি জিম্মিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা তাদের ভুলিনি, এক সেকেন্ডের জন্যও ভুলিনি। ইসরায়েলের জনগণ তাদের সঙ্গে আছে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন