“ইসরাইল গাজার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে”, মালালার ক্ষোভ
ইসরাইল গাজার গোটা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।
রোববার (১২ জানুয়ারি) ইসলামাবাদে অনুষ্ঠিত ‘মুসলিম সম্প্রদায়ের নারী শিক্ষা: চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। দুদিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের শিক্ষামন্ত্রীরা অংশ নেন। খবর আরব নিউজের।
সম্মেলনের দ্বিতীয় দিনে দেওয়া বক্তৃতায় মালালা বলেন, ‘গাজায় ইসরাইল পুরো শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা সব বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে এবং ৯০ শতাংশের বেশি স্কুল ধ্বংস করেছে। এমনকি স্কুলভবনে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের উপরও নির্বিচারে হামলা চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইসরাইল আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করেছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখব। ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন, শিক্ষা এবং ভবিষ্যৎ হারিয়েছে। একজন ফিলিস্তিনি মেয়ে যখন স্কুলে বোমা হামলার শিকার হয় এবং তার পরিবারের সদস্যরা নিহত হন, তখন তার ভবিষ্যৎ আর অবশিষ্ট থাকে না। এটি অত্যন্ত হৃদয়বিদারক।’
মালালা ইউসুফজাই, যিনি মাত্র ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী হন, নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, ‘শিক্ষার জন্য লড়াই করা যে কতটা চ্যালেঞ্জিং, আমি তা জানি। ফিলিস্তিনের শিশুদের এই অবস্থা মেনে নেওয়া যায় না।’
২০১২ সালে পাকিস্তানে মালালার ওপর তালেবান সন্ত্রাসীরা গুলি চালায়। সেই হামলার পর যুক্তরাজ্যে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হন এবং নারী শিক্ষার পক্ষে আন্দোলন চালিয়ে যান।
এটি মালালার তৃতীয়বারের মতো পাকিস্তান সফর।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে ইসরাইল ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান শুরু করে। সেই থেকে চলমান এই সংঘাতে ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত হয়েছেন। ইসরাইলি হামলা গাজার অবকাঠামোসহ শিক্ষাব্যবস্থাকে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।
মন্তব্য করুন