পরীক্ষামূলক
LIVE TV

‘যেন বোমা হামলা হয়েছে, এ যেন যুদ্ধের দৃশ্য’—দাবানল নিয়ে বাইডেনের মন্তব্য

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দাবানল দেখে মনে হচ্ছে যেন সেখানে বোমা হামলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভয়াবহ এই দাবানল গত পাঁচদিন ধরে লস অ্যাঞ্জেলস শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দাবানলে শহরের ১০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং ৩৫ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে।

আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা অ্যাকুওয়েদার এক প্রতিবেদনে জানিয়েছে, দাবানলের কারণে ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে বলে সংস্থাটি জানিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ওভাল অফিসে প্রেসিডেন্ট বাইডেনকে দাবানলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। পরে তিনি সাংবাদিকদের বলেন, “এই দাবানল আমাকে যুদ্ধের দৃশ্যের কথা মনে করিয়ে দিচ্ছে। এটি এমন, যেন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয়েছে। পুরো ব্যাপারটি যেন একটি যুদ্ধক্ষেত্রের মতো।”

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাটের বিষয়টি স্বীকার করে বাইডেন বলেন, “লুটপাটের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। দাবানলে আক্রান্ত এলাকাগুলোতে কিছু মানুষ লুটপাট চালাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।”

দাবানল নিয়ে মিথ্যা তথ্য প্রচারের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন বাইডেন। তিনি বলেছেন, “দাবানল নিয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত বিপজ্জনক।”

Facebook Comments Box

মন্তব্য করুন