ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ব্যাপক হামলা, নিহত আরও ৮০
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় ঈদের আনন্দময় মুহূর্তেও ফিলিস্তিনিদের ওপর চলছে নিরন্তর হামলা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন ৫০ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে। এছাড়া গত দুই দিনে ৩০৫ জন নতুন করে আহত হয়েছেন, যা মোট আহতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৪০০ জনে নিয়ে গেছে। অধিকাংশ আহতই প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ থেকে ইসরায়েলি হামলায় নিহত ১৫ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে একই এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় পিআরসিএসের উদ্ধারকর্মীরাও আক্রান্ত হয়েছিলেন।
পিআরসিএসের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৮ জন সংস্থার কর্মী, ৬ জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং ১ জন জাতিসংঘের সহযোগী সংস্থার কর্মী ছিলেন। এ ঘটনায় এখনও একজন উদ্ধারকর্মী নিখোঁজ রয়েছেন।
সংস্থাটি অভিযোগ করেছে, রাফাহর হাশাশিন এলাকায় আহতদের চিকিৎসা দিতে গিয়েই ইসরায়েলি সেনাদের টার্গেটে পরিণত হন তারা। পিআরসিএস এটিকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে।
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলোর তীব্র নিন্দা ডেকে আনছে। তবুও ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা পিআরসিএসের বক্তব্য নিশ্চিত করে গাজায় চলমান সংঘাতের ভয়াবহতা তুলে ধরেছে।
মন্তব্য করুন