সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুকাশেঙ্কো
সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) মিনস্কের প্যালেস অব ইন্ডিপেন্ডেন্সে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।
এর আগে, চলতি বছরের ২৬ জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৮৭% ভোট পেয়ে জয়ী হন লুকাশেঙ্কো। নির্বাচনে তিনি ৫১ লাখেরও বেশি ভোট পান। এরপর ৩ ফেব্রুয়ারি, বেলারুশের কেন্দ্রীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল অনুমোদন করে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ১,১০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা ও প্রেসিডেন্টের পতাকা নিয়ে আসা হয়। শপথ নেওয়ার সময় লুকাশেঙ্কো সংবিধানের ওপর ডান হাত রেখে আনুগত্যের প্রতিশ্রুতি দেন, এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান তাকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করেন।
১৯৯৪ সালে বেলারুশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন লুকাশেঙ্কো। তারপর থেকে টানা সাতবার তিনি ক্ষমতায় রয়েছেন। দেশটির সংবিধান অনুযায়ী, প্রতিটি মেয়াদ ৫ বছরের হলেও ২০২২ সালে গৃহীত সংবিধান সংশোধনীর ফলে তার বর্তমান মেয়াদ ৬ বছর। ফলে, তিনি ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন।
লুকাশেঙ্কোর দীর্ঘ শাসনামল নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ২০২০ সালের নির্বাচনের পর বিরোধী দল ও আন্তর্জাতিক সংগঠনগুলো নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে, যা দেশটিতে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। পশ্চিমা দেশগুলো তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, তবে তিনি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করেন।
মন্তব্য করুন