পরীক্ষামূলক
LIVE TV

রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাজি ইসরায়েল

পবিত্র রমজান মাস এবং ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভারের সময় ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করার মার্কিন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এই প্রস্তাবটি উপস্থাপন করেছেন।

গাজাসহ পুরো মধ্যপ্রাচ্যে গতকাল শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। অন্যদিকে, ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভার আগামী ১২ এপ্রিল শুরু হয়ে ২০ এপ্রিল পর্যন্ত চলবে।

এর আগে, গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সময়ের মধ্যে হামাস ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় এবং ৮ জন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ গতকাল শেষ হয়েছে। এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করার মার্কিন প্রস্তাবে সম্মতি জানানো হয়।

চুক্তি অনুযায়ী, প্রথম ধাপের যুদ্ধবিরতির ১৬তম দিন থেকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে ইসরায়েল আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠাতে বিলম্ব করে। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার ইসরায়েল মিসরের কায়রোয় নিজেদের প্রতিনিধিদল পাঠায়। তবে জানা গেছে, ইসরায়েল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির চেয়ে প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রতি বেশি আগ্রহী।

Facebook Comments Box

মন্তব্য করুন