নাটোর প্রতিনিধি 

নাটোরের লালপুরে ৭০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা কদিমচিলান-চাঁদপুর বাজারগামী সড়কের ঘাটচিলান এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করেন।
আটকরা হলেন—বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম উত্তরপাড়ার নাঈম খাঁ (২২) এবং গুরুদাসপুর উপজেলার কান্দাইল এলাকার আতিকুর রহমান আসিফ (২০)।
পুলিশ জানায়, তারা ইয়াবা সরবরাহের উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিলেন। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির কাজে যোগাযোগে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। তাদের সোমবার (১৭ আগস্ট) আদালতে সোপর্দ করা হবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন