নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীর কিশোরগঞ্জে এইচএসসি পরিক্ষায় শিক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনার দায়িত্ব অবহেলার দায়ে পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। এঘটনায় ওই কেন্দ্র সচিব ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীরকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো মেহেদী মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত রোববার ১৯ জুলাই জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে সকাল ১০ টায় এইচএসসি পরীক্ষার ইতিহাস ১ম পত্রের পরীক্ষা শুরু হলে শিক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। সেই প্রশ্নেই তারা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা দেন। পরে ভুল ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। এরপর অতিরিক্ত সময় দিয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
আরও জানা যায়, শিক্ষার্থীদের ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা জানাজানি হলে এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান সেই কেন্দ্রে দায়িত্বরত তত্ত্বাবধায়ক কর্মকর্তা ফিরোজুল আলমকে অব্যাহতি দিয়ে একটি তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি গত মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
এবিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন বলেন, তদন্ত শেষ করে বিষয় টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো মেহেদী মোর্শেদ বলেন, এঘটনায় সেখানের দায়িত্বরত তত্ত্বাবধায়ক কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়ে সেখানে সহকারী অধ্যক্ষকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব দেওয়ার জন্য শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হয়েছে।
মন্তব্য করুন