স্পোর্টস ডেস্ক 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। শেষটাতে হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জয়ের নজির গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হল না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। দারুণ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। চোটের কারণে এদিন একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাওহিদ হৃদয়। আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান এবং সাইফ হাসান মিলে শুরুটা ভালোই করেছিলেন। ওপেনিং জুটিতে ২৬ রান তোলে বাংলাদেশ। ৯ বলে ১০ রান করে বিদায় নেন তানজিদ।
সাইফ ফিরেছেন এক ওভার পর। ১৪ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান সাইফ হাসান। পাওয়ারপ্লেটা ভালোই গেছে বাংলাদেশের। ২ উইকেট হারিয়ে ৫২ রান তোলে টাইগাররা।
তবে এরপরই যেন ধস নামে টাইগার ইনিংসে। একের পর এক উইকেটের পতনে টালমাটাল দশা বাংলাদেশের। চারে নামা অধিনায়ক তাওহিদ হৃদয় এদিন করেছেন ৫ বলে ৮ রান। তিনে নেমে সৌম্য সরকার ১৮ বলে ১৭ রান করেছেন। ধুঁকেছেন পাঁচে নামা পারভেজ হোসেন ইমনও। ১২ বলে ১০ রান করেছেন তিনি। অভিষেকে আলো ছড়াতে পারেননি আবদুল গাফফার সাকলাইনও। ১০ বলে ১০ রান করেছেন তিনি। মোটাদাগে ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারী। ৪ বলে ১ রান করেছেন তিনি।
একদম শেষ উইকেট জুটিতে জ্বলে ওঠেন শেখ মেহেদী হাসান। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন তিনি। খেলেছেন দারুণ সব রিভার্স সুইপ, সুইপ। তাতে দলের বোর্ডে রান বেড়েছে। শেষের আগের ওভারে মুস্তাফিজুর রহমান আউট হলে ১৯ ওভারে ১৩১ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। ২২ বলে ২৯ রান করে টিকে ছিলেন শেখ মেহেদী।
অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন জোয়েল ডেভিস এবং অ্যাডাম জাম্পা। ২ উইকেট তোলেন ম্যাট রেনশ। ১টি করে উইকেট নিয়েছেন স্পেনসার জনসন এবং নিখিল চৌধুরী।
জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে জশ ইংলিস এবং মিচেল মার্শ মিলে তোলেন ১৩ রান। দলের ১৩ রানের মাথাতে ৫ বলে ৫ রান করা ইংলিসকে ফেরান শরিফুল ইসলাম। অধিনায়ক মার্শ ১৪ বলে ১৩ রান করেছেন। তাকে ফেরান মোস্তাফিজুর রহমান। ৩৮ রানের মধ্যে দুই ওপেনার ফিরেছেন সাজঘরে।
তিনে নামা কুপার কনোলি বেধড়ক পিটুনি শুরু করেছেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন। তৃতীয় ওয়ানডের ১৪৯ রানের ফর্মটাই যেন টেনে আনলেন টি-টোয়েন্টি সিরিজে। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলের রান বাড়িয়েছেন কনোলি। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৭ রান তোলে অস্ট্রেলিয়া।
পাওয়ারপ্লে শেষেও তাণ্ডব চালিয়েছেন কনোলি। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলেছেন দলের বোর্ডে। ফিফটির খুব কাছে গিয়ে থেমেছেন কনোলি। দলের ৭৮ রানের মাথাতে ২৭ বলে ৪৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। কনোলির বিদায়ে কিছুটা কমেছে অজিদের রানের গতি। বড় উইকেটটি তোলেন অভিষিক্ত আবদুল গাফফার সাকলাইন।
টিম ডেভিড ১৬ বলে ২০ রানের ক্যামিও খেলেন। ১৩ বলে ১৮ রানের কার্যকরী ইনিংস খেলেছেন নিখিল চৌধুরী। শেষ দিকে ম্যাট রেনশ এবং জোয়েল ডেভিস মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১০ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
বাংলাদেশের হয়ে ২ উইকেট তোলেন আবদুল গাফফার সাকলাইন। ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান এবং মোস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন