বিনোদন ডেস্ক 

ফোক ফিউশন ঘরানার গান ‘মহাজাদু’ ও ‘কই রইলা রে’-এর সাফল্যের পর ‘প্রেমের কলঙ্ক’ শিরোনামের নতুন মৌলিক গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানটির কথা লিখেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। বরাবরের মতো গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। জানা গেছে, চন্দন রায় চৌধুরীর পরিচালনায় গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। শিগগির বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন শিল্পী ও গীতিকবি।
নতুন গান প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, “পরপর ফোক ফিউশন প্রকাশের পর মনে হলো, এবার শ্রোতাদের জন্য আলাদা কিছু করা দরকার। সেই ভাবনা থেকে ‘প্রেমের কলঙ্ক’ শিরোনামে মৌলিক গানটি তৈরি করা। যদিও ধারাবাহিকভাবে মৌলিক গান তৈরি ও প্রকাশ করছি, তারপরও চেষ্টা থাকছে আগের চেয়ে অন্য রকম সুর ও সংগীতায়োজন তুলে ধরার। আশা করছি কথা, সুর, সংগীতায়োজন, ভিডিও নির্মাণ– সব মিলিয়ে ‘প্রেমের কলঙ্ক’ অনেকের প্রত্যাশা পূরণ করবে।”
উল্লেখ্য, ‘কোক স্টুডিও বাংলা’য় তাজিকিস্তানের শিল্পী মেহরনিগরি রুস্তমের সঙ্গে জুটি বেঁধে ফোক ফিউশন গান ‘মহাজাদু’ গেয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিলেন হাবিব। সেই ধারাবাহিকতায় কোরবানি ঈদে তিনি প্রকাশ করেন ‘কই রইলা রে’। এ গানের মাধ্যমে দীর্ঘ ২১ বছর পর হাবিবের সংগীতায়োজনে কণ্ঠ দেন ‘কৃষ্ণ’ অ্যালবামের আলোচিত কণ্ঠশিল্পী কায়া। সাথে আরও যুক্ত ছিলেন এ সময়ের আলোচিত শিল্পী ও সংগীতায়োজক মুজা।
মন্তব্য করুন