ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁও সদর থানার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বঠিনা এলাকায় দিসা দেবনাথ (১৪) নামে এক কিশোরীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শনিবার রাতে ১০:৩০ ঘটিকায় দক্ষিণ বঠিনায় তার নানির বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে। দিসা দেবনাথ বীরগঞ্জ উপজেলার গণেশ দেবনাথের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলায় তার মা মারা যান। পরবর্তীতে তার বাবা ঢাকায় পুনরায় বিয়ে করলে দিসা দীর্ঘদিন ধরে নানির বাড়িতেই বড় হয়ে ওঠে।
ঘটনার সময় পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করার চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, আত্মহত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন